টাকা দিতে অস্বীকার করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ‘খুন’, সোদপুরে খাটের নিচ থেকে উদ্ধার দেহ

উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলায় টাকা নিয়ে বিবাদের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম পূজা মণ্ডল। অভিযোগ, বুধবার সকালে স্বামী ঋষি হরিচাঁদ টাকার দাবিতে স্ত্রীর ওপর চড়াও হয়। পূজা টাকা দিতে অস্বীকার করলে রাগের মাথায় তাঁকে গলায় ফাঁস দিয়ে খুন করে অভিযুক্ত। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি খাটের নিচে লুকিয়ে রাখা হয়।
পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ পূজার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর বাড়িতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘরের দরজা খুলে খাটের নিচে তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ঋষি হরিচাঁদ এবং শাশুড়ি-সহ পরিবারের মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। বিয়ের পর থেকেই টাকার জন্য পূজার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা।