ভারতের বিরুদ্ধে আমেরিকার বাণিজ্যিক তদন্ত, অনিশ্চয়তার মুখে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

অবৈধভাবে বাণিজ্য পরিচালনার অভিযোগে ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন এবং অতিরিক্ত রফতানির অভিযোগে ভারতসহ ১৬টি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে আমেরিকা। এর ফলে দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী, এই তদন্তের জেরে আপাতত চুক্তি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমেরিকার অভিযোগ, ভারতসহ নির্দিষ্ট কিছু দেশ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদন করে কম দামে রফতানি করছে, যা মার্কিন সংস্থাগুলোর ক্ষতি করছে। মূলত স্টিল, কেমিক্যাল, অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স শিল্পের ওপর এই তদন্তের প্রভাব পড়বে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের পর থেকেই দুই দেশের বাণিজ্যিক আলোচনার গতি শ্লথ হয়ে পড়েছিল, যা বর্তমান পরিস্থিতিতে আরও জটিল আকার ধারণ করেছে।
অন্যদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রক এই উত্তেজনার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, চাপের মুখে পড়ে ভারত কোনো চুক্তিতে তাড়াহুড়ো করবে না। দিল্লি স্পষ্ট করেছে যে, দুই দেশই আলোচনার পথ খোলা রেখেছে এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ভারত তার অবস্থানে অনড় থাকবে। আমেরিকার এই তদন্ত মূলত সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক বৃদ্ধি বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।