নেপালে অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা

নেপালে অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা

নেপালের কাঠমান্ডু থেকে খোটাং যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী হেলিকপ্টার। বুধবার বেলা ১১টা ৫১ মিনিট নাগাদ খোটাংয়ের বলবেসিতে অবতরণের ঠিক পূর্বমুহূর্তে কপ্টারটি আচমকা ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুর্ঘটনার হাড়হিম করা ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি এলাকায় নামার সময় কপ্টারটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রবল হাওয়ার দাপটেই এই বিপত্তি ঘটেছে। দুর্ঘটনার সময় কপ্টারটিতে পাঁচজন যাত্রী ছিলেন। নেপালের অসামরিক বিমান মন্ত্রক সূত্রে খবর, যান্ত্রিক গোলযোগ নয় বরং প্রতিকূল আবহাওয়াই দুর্ঘটনার মূল কারণ। কপ্টারটির লেজের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন আরোহীরা।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। এই ঘটনায় একজন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি চারজন যাত্রী বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নেপাল বিমান কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *