জ্বালানি সংকট রুখতে ৯০ দিনের তেল মজুতের পরামর্শ সংসদীয় কমিটির

জ্বালানি সংকট রুখতে ৯০ দিনের তেল মজুতের পরামর্শ সংসদীয় কমিটির

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রকে আগাম সতর্ক করল সংসদীয় কমিটি। ইরান যুদ্ধের জেরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাভাবিক অগ্রগতি বজায় রাখতে অন্তত ৯০ দিনের অপরিশোধিত তেল মজুত রাখার সুপারিশ করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। ২০২৬-২৭ সালের চাহিদা সংক্রান্ত প্রতিবেদনে কেন্দ্রকে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার পাশাপাশি বিকল্প উৎস খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

তেলের পাশাপাশি রান্নার গ্যাস বা এলপিজি নিয়েও কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিয়েছে এই কমিটি। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে জ্বালানি গ্যাস আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ। ২০২৪ সালে দৈনিক তেলের চাহিদা ছিল ২২ মিলিয়ন ব্যারেল, যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তৈল বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। যদিও সরকার আশ্বস্ত করেছে যে দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং সম্প্রতি ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি ভারতে পৌঁছেছে। তা সত্ত্বেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান হাইড্রোকার্বনের চাহিদা সামাল দিতে সরকারকে এখনই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *