গলার সংক্রমণে অসুস্থ সুনিধি চৌহান, পিছিয়ে গেল কলকাতার বহুপ্রতিক্ষিত কনসার্ট

বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের শারীরিক অসুস্থতার কারণে স্থগিত হয়ে গেল তাঁর কলকাতার লাইভ কনসার্ট। বর্তমানে গায়িকা তাঁর ‘I Am Home India’ ট্যুর নিয়ে দেশজুড়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১৪ মার্চ কলকাতায় এই সফরের অন্তিম শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই গলায় গুরুতর সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, যার ফলে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি লখনউয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় সুনিধিকে বেশ আবেগপ্রবণ দেখা গিয়েছিল। সেখানে তিনি ভক্তদের কাছে নিজের গলার সমস্যার কথা স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন। গায়িকা সামাজিক মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানান যে, দর্শকদের নিরাশ করা তাঁর উদ্দেশ্য নয়, কিন্তু বর্তমান শারীরিক পরিস্থিতিতে মঞ্চে গান গাওয়া সম্ভব হচ্ছে না। সুস্থ হয়ে ফিরতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।
পূর্ব নির্ধারিত ১৪ মার্চের পরিবর্তে এই কনসার্টটি এখন আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গায়িকা আশ্বস্ত করেছেন যে, ভক্তদের আগে কেনা সমস্ত টিকিট নতুন তারিখের জন্যও বৈধ থাকবে। কলকাতার শ্রোতাদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুনিধি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও মঞ্চে ফেরার জন্য মুখিয়ে আছেন যাতে দর্শকরা যথাযথভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন।