জ্বালানি সংকটে খড়্গপুর আইআইটি: রান্নায় কাঠের উনুন, সাহায্যের আবেদন জেলাশাসককে

জ্বালানি সংকটে খড়্গপুর আইআইটি: রান্নায় কাঠের উনুন, সাহায্যের আবেদন জেলাশাসককে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে বিপর্যস্ত খড়্গপুর আইআইটি। ক্যাম্পাসের ২০টি হলে বসবাসকারী প্রায় ১৫ হাজার আবাসিকের জন্য প্রতিদিন গড়ে ১০৪টি রান্নার গ্যাস সিলিন্ডার প্রয়োজন। বর্তমানে মজুত সিলিন্ডারে মাত্র দুই-তিন দিন চলা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় আবাসিকদের মধ্যে অস্থিরতা ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।

সংকট মোকাবিলায় ইতিমধ্যে আইআইটির আজাদ হলসহ কয়েকটি জায়গায় বিকল্প হিসেবে কাঠের উনুনে রান্না শুরু হয়েছে। মেনু থেকে ভাজাভুজি বাদ দিয়ে খাবারের ধরনে পরিবর্তন আনা হয়েছে এবং রান্নার এজেন্সিগুলোকে গ্যাস ব্যবহারে সংযমী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে রান্না করে সব হলে খাবার সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মেদিনীপুরের জেলাশাসককে চিঠি দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। এদিকে খড়্গপুর মহকুমা শাসক জ্যোতি ঘোষ জানিয়েছেন, জেলা প্রশাসন বিষয়টি নিয়ে ওয়াকিবহাল এবং গ্যাস সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে। খড়্গপুর আইআইটির পাশাপাশি কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতেও জ্বালানি সংকটের জেরে খাবারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *