ডিএ ধর্মঘটে সাড়া নেই, কলকাতা ও জেলাজুড়ে স্বাভাবিক সরকারি পরিষেবা

বকেয়া মহার্ঘভাতার (ডিএ) দাবিতে আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটে শুক্রবার রাজ্যজুড়ে মিশ্র প্রভাব দেখা গেল। কলকাতা থেকে জেলা—সর্বত্রই সরকারি দপ্তর, স্কুল-কলেজ এবং পরিবহণ পরিষেবা মোটের ওপর স্বাভাবিক ছিল। নবান্নের কড়া নির্দেশিকা ও ‘সার্ভিস ব্রেক’-এর সতর্কবার্তার জেরে অধিকাংশ সরকারি কর্মীই এদিন কর্মস্থলে যোগ দেন। ফলে আন্দোলনকারীদের ডাকা ধর্মঘট বড় কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলেই প্রশাসনের দাবি।
উত্তর ২৪ পরগনা ও নদিয়াসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বিক্ষোভের ছবি সামনে এসেছে। ব্যারাকপুর শিক্ষা ভবনের সামনে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং তেহট্টের একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ অবস্থান বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের দাবি, আদালত ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার সময় চেয়ে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছে। নিজেদের অধিকার আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহকুমা ও ব্লক অফিসগুলিতে হাজিরা ছিল প্রায় স্বাভাবিক। নদিয়ার বিভিন্ন স্কুলে ধর্মঘট সমর্থনকারীরা ক্লাস বয়কট করলেও পঠনপাঠন সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। স্কুল পরিচালনা কমিটির মতে, গুটিকয়েক সংগঠনের বিরোধিতায় সামগ্রিক পরিষেবা ব্যাহত হয়নি। সব মিলিয়ে, রাজ্য সরকারের অনড় মনোভাব ও প্রশাসনিক তৎপরতায় ডিএ ধর্মঘটের প্রভাব ছিল কার্যত ফিকে।