ডেটিংয়ে রেড ও গ্রিন ফ্ল্যাগের বাইরে নতুন ট্রেন্ড, নজর কাড়ছে ‘বেইজ’ ও ‘পিঙ্ক’ ফ্ল্যাগ

সম্পর্কের রসায়ন বুঝতে রেড ও গ্রিন ফ্ল্যাগের পরিচিত ধারণার বাইরে এখন ‘বেইজ’ ও ‘পিঙ্ক’ ফ্ল্যাগের চর্চায় মজেছে বর্তমান প্রজন্ম। জেন-জি (Gen Z) তরুণ-তরুণীদের কাছে এই শব্দগুলো সম্পর্কের সূক্ষ্ম ও জটিল আচরণ বিশ্লেষণের নতুন হাতিয়ার হয়ে উঠেছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরেই এই নতুন পরিভাষাগুলো এখন আলোচনার কেন্দ্রে।
‘বেইজ ফ্ল্যাগ’ বলতে সঙ্গীর এমন কিছু অদ্ভুত বা বিরক্তিকর অভ্যাসকে বোঝায়, যা সরাসরি ক্ষতিকারক নয়—যেমন সারাক্ষণ একই খাবার খাওয়া বা সিনেমার গল্প আগে বলে দেওয়া। অন্যদিকে, ‘পিঙ্ক ফ্ল্যাগ’ হলো ভবিষ্যতের বড় কোনো সমস্যার প্রাথমিক সংকেত। সঙ্গীর অতিরিক্ত নিয়ন্ত্রণ বা খবরদারির মতো বিষয়গুলো শুরুতে যত্ন মনে হলেও পরবর্তীতে তা সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্ম এখন সম্পর্ক নিয়ে অনেক বেশি সচেতন ও বিশ্লেষণাত্মক। এই নতুন সংকেতগুলো তাদের সঙ্গীর আচরণকে গভীরভাবে বুঝতে এবং সম্ভাব্য সমস্যা সম্পর্কে আগেভাগে সতর্ক হতে সাহায্য করছে। ফলে নিছক ভালো বা মন্দের মানদণ্ড ছাড়িয়ে আধুনিক সম্পর্কের ধূসর জায়গাগুলো চিহ্নিত করতেই এই শব্দগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।