এলপিজি সঙ্কটের আশঙ্কায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের, রেশনে ফিরল কেরোসিন তেল

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সঙ্কটের আশঙ্কায় রান্নার গ্যাসের সহজলভ্যতা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে স্বস্তি দিয়ে আবারও রেশন দোকানে কেরোসিন বিক্রির অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। মূলত এলপিজি সঙ্কটের বিকল্প হিসেবেই ফের কেরোসিন বন্টনের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেশন ডিলারদের সংগঠনের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ দূষণের কারণে বন্ধ হয়ে যাওয়া কেরোসিন সরবরাহ সাময়িকভাবে পুনরায় শুরু হচ্ছে।
পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র মোট ৪ হাজার ১০০ কিলো লিটার কেরোসিন বরাদ্দ করেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারকে এই বরাদ্দকৃত তেল সংগ্রহ করতে হবে। ডিলারদের দাবি, গ্যাসের দাম ও ঘাটতির আবহে কেরোসিনের এই জোগান মধ্যবিত্তের জন্য বড় ভরসা হয়ে উঠবে। তবে এই সুবিধা সাময়িক নাকি স্থায়ী হবে, তা নিয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা মেলেনি।