বিমানযাত্রায় বড় ধাক্কা, ১৪ মার্চ থেকে ইন্ডিগোর টিকিটের দাম বাড়ছে ২,৩০০ টাকা পর্যন্ত

বিমানযাত্রায় বড় ধাক্কা, ১৪ মার্চ থেকে ইন্ডিগোর টিকিটের দাম বাড়ছে ২,৩০০ টাকা পর্যন্ত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে বিশ্ববাজারে বিমানের জ্বালানির দাম এক ধাক্কায় আকাশছোঁয়া হয়েছে। এই ক্রমবর্ধমান খরচ সামাল দিতে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো আজ, ১৪ মার্চ থেকে সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে নতুন করে ফুয়েল সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূ-রাজনৈতিক সংকটের কারণে জেট ফুয়েলের দাম প্রায় ৮৫ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গন্তব্য ও রুটের দূরত্বভেদে যাত্রীদের টিকিটের সঙ্গে বাড়তি ৪২৫ টাকা থেকে ২,৩০০ টাকা পর্যন্ত সারচার্জ দিতে হবে। এর মধ্যে অভ্যন্তরীণ রুট ও ভারতীয় উপমহাদেশের জন্য ৪২৫ টাকা, মধ্যপ্রাচ্যের জন্য ৯০০ টাকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন ও আফ্রিকার রুটের জন্য ১,৮০০ টাকা অতিরিক্ত ধার্য করা হয়েছে। ইউরোপগামী উড়ানের ক্ষেত্রে এই সারচার্জের পরিমাণ সর্বোচ্চ ২,৩০০ টাকা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *