যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ভারতের আটকে পড়া বিদেশিদের জন্য ৩০ দিনের ভিসা ছাড়

ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ভারতে আটকে পড়া হাজার হাজার বিদেশি নাগরিকের জন্য বড় স্বস্তির খবর দিল ভারত সরকার। যুদ্ধের কারণে নিজ দেশে ফিরতে অক্ষম এসব নাগরিকদের ভিসার মেয়াদ বিনামূল্যে আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬-এর পর আটকে থাকা নাগরিকদের ওভারস্টে বা অতিরিক্ত সময় অবস্থানের জন্য কোনো প্রকার জরিমানাও নেওয়া হবে না।
দুস্থ বিদেশি নাগরিকদের সহায়তায় সংশ্লিষ্ট ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) এই সুযোগ কার্যকর করবে। জরুরি পরিস্থিতিতে যাদের ফ্লাইট অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাদের অস্থায়ী ল্যান্ডিং পারমিটও বিনামূল্যে প্রদান করা হবে। চলমান সংঘাতের কারণে বিদেশিদের এই বাড়তি সময় অবস্থানকে অভিবাসন আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে না। মূলত মানবিক দিক বিবেচনা করেই ভারত সরকারের পক্ষ থেকে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।