ইরানের রণতরীতে মার্কিন হামলা, নয়াদিল্লির সক্রিয় সহায়তায় কৃতজ্ঞ তেহরান

ভারত মহাসাগরে ইরানি রণতরী ‘আইআরআইএস ডেনা’র ওপর মার্কিন হামলার ঘটনায় ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। শনিবার একটি অনুষ্ঠানে তিনি জানান, সংকটের মুহূর্তে ভারত সরকার সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তেহরানের অনুরোধ রক্ষা করে নয়াদিল্লি যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা দুই দেশের মজবুত কূটনৈতিক সম্পর্কেরই বহিঃপ্রকাশ।
রাষ্ট্রদূত ফাথালি আক্ষেপ প্রকাশ করে বলেন, ওই দিন আরও কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছিল। তবে ভারত তার চিরাচরিত অতিথি বাৎসল্য ও বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। উল্লেখ্য, গত ৪ মার্চ বিশাখাপত্তনমে যৌথ মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন ডুবোজাহাজের হামলার শিকার হয় ডেনা। ওই ভয়াবহ দুর্ঘটনায় বহু নাবিক প্রাণ হারান এবং অনেকে নিখোঁজ হন।
ভারতের এই মানবিক সহায়তার অংশ হিসেবে কোচি বন্দরে ইরানের অপর একটি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস লাভান’-কে আশ্রয় দেওয়া হয়েছে। সম্প্রতি ওই জাহাজের ১০০ জন ক্রু সদস্য বিশেষ বিমানে দেশে ফিরেছেন। রণতরীটি বর্তমানে ভারতের হেফাজতেই রয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের দায়িত্বশীল ও নিরপেক্ষ অবস্থানের বিষয়টি আবারও স্পষ্টভাবে উঠে এল।