ভোটের মুখে উত্তরের রাজনীতিতে বড় সমীকরণ পৃথক রাজ্যের দাবিতে একজোট বিমল গুরুং ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল

ভোটের মুখে উত্তরের রাজনীতিতে বড় সমীকরণ পৃথক রাজ্যের দাবিতে একজোট বিমল গুরুং ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড় এল। পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিনের বৈরিতা ভুলে এবার হাত মেলালেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেত্রী তপতি রায় মল্লিক। বুধবার আলিপুরদুয়ারের বীরপাড়া সংলগ্ন মাকরাপাড়া চা বাগানে আয়োজিত এক যৌথ সভা থেকে এই নতুন রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই পদক্ষেপ ডুয়ার্স ও পাহাড়ের নির্বাচনী সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

যৌথ সভার পর কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি জানান, উভয় সংগঠনের লক্ষ্য অভিন্ন হওয়ায় তারা ‘সেপারেট স্টেট ডিমান্ড কমিটি’ নামে একটি সাধারণ মঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এই জোটের মাধ্যমে পৃথক রাজ্যের দাবিকে আরও জোরালো করার পরিকল্পনা করা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং বলেন, তরাই, ডুয়ার্স এবং উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। এই বিষয়ে জনমত গঠনে শীঘ্রই তাঁরা রাজনৈতিক ময়দানে নামছেন।

নির্বাচনের ঠিক আগে এই নতুন জোট তৃণমূল কংগ্রেস ও বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পাহাড় ও ডুয়ার্সে এই জোট প্রার্থী দেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও গোর্খা ও কামতাপুরি শক্তির এই ঐক্যবদ্ধ অবস্থান ভোটের লড়াইকে ত্রিমুখী করে তুলতে পারে। উত্তরবঙ্গের রাজনীতিতে এই নতুন মেরুকরণ আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে পাহাড়-সমতলে উত্তাপ বাড়তে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *