প্যাট কামিন্স অনিশ্চিত সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক ইশান কিশান

প্যাট কামিন্স অনিশ্চিত সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক ইশান কিশান

আইপিএল ২০২৬ আসরের শুরুতে বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এই অজি পেসার বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। কামিন্সের অনুপস্থিতিতে এবার অরেঞ্জ আর্মির নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তারকা উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশানের কাঁধে। এছাড়া উদীয়মান অলরাউন্ডার অভিষেক শর্মাকে দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে হায়দরাবাদ ম্যানেজমেন্ট।

ইশান কিশানের নেতৃত্বে সম্প্রতি ঝাড়খণ্ড সৈয়দ মুশতাক আলি ট্রফি জয় করেছে, যেখানে ফাইনালে তিনি বিধ্বংসী সেঞ্চুরি করেন। যদিও আইপিএলে অধিনায়ক হিসেবে এটিই ইশানের অভিষেক হতে যাচ্ছে, তবে ঘরোয়া ক্রিকেটে তার সাফল্যের রেকর্ড এবং ভারতীয় কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ট্রাভিস হেড বা হেনরিখ ক্লাসেনের মতো অভিজ্ঞ আন্তর্জাতিক অধিনায়ক দলে থাকলেও, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইশান ও অভিষেককে বেছে নিয়েছে ম্যানেজমেন্ট।

আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে হায়দরাবাদ। এরপর ২ এপ্রিল কলকাতা ও ৫ এপ্রিল লখনউয়ের বিপক্ষে খেলবে তারা। আশা করা হচ্ছে, ১১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগেই কামিন্স পূর্ণ ফিট হয়ে দলে ফিরবেন। তবে দলের পারফরম্যান্স ভালো থাকলে তাকে নিয়ে বাড়তি ঝুঁকি না নেওয়ার পরিকল্পনা রয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *