ভারতের জন্য হরমুজ প্রণালীতে বিশেষ ছাড়ের ইঙ্গিত ইরানের

ভারতের জন্য হরমুজ প্রণালীতে বিশেষ ছাড়ের ইঙ্গিত ইরানের

আরব দুনিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আবহে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের নিদর্শন রাখল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ও এলপিজি যাত্রীবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছে তেহরান। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি ডা. আব্দুল মাজিদ হাকিম ইলাহি জানান, ভারতের জ্বালানি সংকটের কথা মাথায় রেখে সীমিত শর্তে এই জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

ইলাহির মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ভারতের কোনো ভূমিকা নেই এবং ভারতীয়রা ইরানের প্রতি সহানুভূতিশীল। বর্তমানে ভারতে পেট্রোল ও গ্যাসের যে ঘাটতি দেখা দিয়েছে, তা মোকাবিলায় ইরান সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো আলোচনায় যেতে নারাজ তেহরান। তারা নিজেদের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলেই ইলাহি স্পষ্ট করেছেন।

ইরানি প্রতিনিধির এই বক্তব্যে স্পষ্ট যে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা ভারতের মতো মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্বার্থকেও গুরুত্ব দিচ্ছে। তবে যুদ্ধের স্থায়ীত্ব নিয়ে অনিশ্চয়তা থাকায় বিশ্ববাজারের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রতিবেশী দেশগুলো যাতে মার্কিন ঘাঁটি ব্যবহার না করে, সে বিষয়েও ইরান সতর্ক বার্তা দিয়েছে এবং বিশ্ব নেতাদের যুদ্ধ থামাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *