হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইজরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা ইরানের, ভারতের জন্য বিশেষ ছাড়

হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইজরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা ইরানের, ভারতের জন্য বিশেষ ছাড়

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরানের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অধিকাংশ দেশের জন্য খোলা থাকলেও আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্রদেশগুলোর জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ এবং ট্যাঙ্কার ছাড়া অন্য দেশের চলাচলে কোনো বাধা নেই। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনেক বাণিজ্যিক জাহাজ বর্তমানে এই রুট এড়িয়ে চলছে।

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পাল্টায় ইরান এই পথে নৌ-চলাচল সীমিত করায় বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় প্রভাব পড়েছে। পারস্য ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ পথে বর্তমানে বহু জাহাজ আটকে রয়েছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারেও।

এই উত্তেজনার মধ্যেই ভারতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিয়েছে তেহরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি জানিয়েছেন, বিশেষ বিবেচনায় কিছু ভারতীয় জাহাজকে এই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্য়েই ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তায় ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ নামে দুটি এলপিজি ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে ভারতের অনুরোধে ইরান এই ব্যতিক্রমী ছাড় দিয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *