চিন নয় ভারতের দিকেই আসছে সাতটি রুশ তেলবাহী জাহাজ

মাঝ সমুদ্রে গতিপথ পরিবর্তন করে চিনের বদলে ভারতের দিকে রওনা দিয়েছে রাশিয়ার অন্তত সাতটি বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার। মূলত লোহিত সাগর ও পারস্য উপসাগরে ইরান-ইজরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়েছে। এমন সংকটের মুহূর্তে ভারত রাশিয়ার থেকে তেল আমদানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেওয়ায় দক্ষিণ চিন সাগর থেকেই জাহাজগুলো ভারতের বন্দরের দিকে ঘুরে গিয়েছে।
জানা গেছে, গত জানুয়ারিতে বাল্টিক সাগর থেকে পণ্য বোঝাই করে এই জাহাজগুলোর চিনের রিজাও বন্দরে যাওয়ার কথা ছিল। তবে সম্প্রতি আমেরিকা রাশিয়া থেকে ভারতকে তেল কেনার বিষয়ে সাময়িক ছাড় দেওয়ার পরই এই নাটকীয় পরিবর্তন ঘটে। আমদানিকৃত এই তেলের একটি বড় অংশ আগামী ২১ মার্চের মধ্যে নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যা দেশের বর্তমান জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক হবে।
আমেরিকার বিশেষ অনুমতির পর ভারতীয় শোধনাগারগুলো এক সপ্তাহেই রেকর্ড পরিমাণ রুশ তেল কেনায় চিনের জ্বালানি আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক মহলে রাজনৈতিক চাপ থাকলেও ভারত দ্রুতগতিতে রাশিয়ার থেকে সরবরাহ নিশ্চিত করছে। এর ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ গ্যাস ও তেলের সংকট কাটবে, অন্যদিকে বিশ্ববাজারে রুশ তেলের নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।