লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় র্যাপার বাদশা, সরাসরি প্রাণনাশের হুমকি

জনপ্রিয় র্যাপার বাদশা এবার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গান ‘টাটিরি’-তে হরিয়ানার সংস্কৃতিকে আসাম্মান এবং নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে এই সরাসরি হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষ্ণোই গ্যাং কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অতীতে সতর্ক করা হলেও এবার সরাসরি তার কপালে গুলি চালানো হবে।
এই বিতর্কের জেরে হরিয়ানা মহিলা কমিশন ইতিমধ্যেই বাদশাকে তলব করেছে এবং তার গ্রেপ্তারের দাবি তুলেছে। অভিযোগ উঠেছে, বাদশা তার গানের মাধ্যমে বারবার স্থানীয় ঐতিহ্যকে কালিমালিপ্ত করছেন। এর আগে হরিয়ানার মাটিতে তার কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে গায়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
লরেন্স বিষ্ণোই গ্যাং সাম্প্রতিক সময়ে সালমান খান, রোহিত শেট্টি এবং কপিল শর্মার মতো তারকাদের লক্ষ্য করে আতঙ্ক সৃষ্টি করেছে। এবার সেই তালিকায় বাদশার নাম যুক্ত হওয়ায় বিনোদন জগতে চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক সেলিব্রিটিকে নিশানা করে এই গ্যাংস্টার গোষ্ঠীর আস্ফালন প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।