আমির খানের ৬১তম জন্মদিন, এক ছাদের নিচে রীনা, কিরণ ও গৌরী

বলিউড সুপারস্টার আমির খান ঘরোয়া পরিবেশে পালন করলেন তাঁর ৬১তম জন্মদিন। মুম্বইয়ের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। বিশেষ আকর্ষণ হিসেবে এক ছাদের নিচে দেখা গেল আমিরের বর্তমান সঙ্গী গৌরী স্প্রাট, প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে। সঙ্গে ছিলেন সন্তান জুনায়েদ, ইরা ও আজাদ রাও খান।
অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। সেখানে আমিরকে পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে কেক কাটতে দেখা যায়। কেক কাটার পর তিনি প্রথমে ছেলে আজাদ এবং পরে মেয়ে ইরা ও গৌরীকে খাইয়ে দেন। অনুষ্ঠানে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারাও উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত উদযাপনের পাশাপাশি আমির বর্তমানে ব্যস্ত পেশাদার জীবন নিয়ে। তিনি ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর কাজে সহায়তা করছেন, যা ১ মে মুক্তি পাবে। এছাড়া তাঁর প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। পারিবারিক সম্প্রীতি ও কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটল মিস্টার পারফেকশনিস্টের এবারের জন্মদিন।