বিকেলেই ঘোষণা বিধানসভা ভোটের নির্ঘণ্ট, বাংলার নজরে নির্বাচন কমিশন

বাংলাসহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরির নির্বাচনের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এই ঘোষণার সাথে সাথেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাবে।
সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের উপস্থিতিতে এই সূচি ঘোষিত হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটগ্রহণ কত দফায় হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল কৌতুহল রয়েছে। মে ও জুন মাসে এই বিধানসভাগুলির মেয়াদ শেষ হতে চলায়, তার আগেই সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর কমিশন।
ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে প্রধানমন্ত্রীর জনসভা এবং অন্যদিকে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি সরগরম। আজকের ঘোষণার পর মনোনয়ন জমা থেকে শুরু করে প্রচারের সময়সীমা স্পষ্ট হবে, যা রাজ্যের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে বলে মনে করা হচ্ছে।