আমেরিকার সঙ্গে আলোচনা নাকচ ইরানের, রক্ত দেবো কিন্তু জমি নয়, হুঁশিয়ারি তেহরানের

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দিল ইরান। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম এলাহি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের সমঝোতায় বসতে রাজি নয় তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিয়ে তিনি এই সংঘাতের জন্য সরাসরি আমেরিকাকেই দায়ী করেছেন।
এলাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তাঁদের। দেশের মানুষ মাতৃভূমি রক্ষায় রক্ত দিতে রাজি কিন্তু জমি ছাড়তে নয়। ইরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র ক্ষোভ ও প্রতিরোধের মেজাজ লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এই সংঘাতের প্রভাব কেবল আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি করছে। আব্দুল মাজিদ হাকিম এলাহি স্পষ্ট করেছেন যে, ইরান কোনও প্রতিপক্ষের চাপের কাছে মাথা নত করবে না। উদ্ভূত পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন এই ইরানি প্রতিনিধি।