হরিণঘাটায় বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি

হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকারকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। কাস্টডাঙ্গা বাজারে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে প্রার্থী পরিবর্তনের জোরালো দাবি জানান। তাঁদের অভিযোগ, গত পাঁচ বছর বিধায়ক হিসেবে অসীম সরকারকে এলাকায় পাওয়া যায়নি এবং তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের মতো কাজ করেছেন। অবিলম্বে প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের আরও দাবি, এইমসে চাকরি দেওয়া-সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমান এই প্রার্থী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অসীম সরকার। তাঁর পাল্টা দাবি, যাঁরা তাঁর বিরোধিতা করছেন তাঁরা আসলে নরেন্দ্র মোদির বিরোধিতা করছেন এবং তৃণমূলের মদতেই এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তিনি আশাবাদী যে, বিগত নির্বাচনের মতো এবারও হরিণঘাটার মানুষ তাঁর উপরেই আস্থা রাখবেন।
এদিকে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতা চঞ্চল দেবনাথের মতে, দেরিতে হলেও বিজেপি কর্মীদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং এই কোন্দল শেষ পর্যন্ত ঘাসফুল শিবিরকেই রাজনৈতিক সুবিধা দেবে। নির্বাচনের আগে প্রার্থীর যোগ্যতা এবং জনবিচ্ছিন্নতার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে হরিণঘাটার রাজনৈতিক পরিবেশ।