আজই পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ভোটার তালিকা নিয়ে ঘনীভূত আইনি জটিলতা

আজই পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ভোটার তালিকা নিয়ে ঘনীভূত আইনি জটিলতা

আজ বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জাতীয় নির্বাচন কমিশনের এই ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে চলমান আইনি টানাপড়েন ভোট প্রক্রিয়ায় বাড়তি মাত্রা যোগ করেছে। রাজ্যজুড়ে নির্বাচনী উত্তাপের মধ্যেই আজ বিকেলের সাংবাদিক বৈঠক থেকে পরিষ্কার হবে ভোটের দফাও।

রাজ্যে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ থাকায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা বর্তমানে এই নামের নিষ্পত্তি করছেন। মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে বিপুল সংখ্যক নামের কাজ এখনও বাকি। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল প্রতিদিন এই অগ্রগতির ওপর নজর রাখছেন। আসাম্পূর্ণ তালিকা নিয়ে ভোট ঘোষণা ঘিরে আইনি মহলে ধোঁয়াশা রয়েছে।

কমিশন সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। চলতি সপ্তাহে একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা থাকলেও তার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। উল্লেখ্য, গতবারের তুলনায় এবার রাজ্যে কম দফায় ভোট হতে পারে এবং ১৫ এপ্রিলের পর প্রথম দফার ভোট গ্রহণের সম্ভাবনা প্রবল। তবে ভোটারদের অধিকার রক্ষা নিয়ে বিষয়টি পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *