মুসৌরিতে রাজকীয় বিয়ে কুলদীপ-বংশিকার, আশীর্বাদ করলেন বাগেশ্বর বাবা

মুসৌরিতে রাজকীয় বিয়ে কুলদীপ-বংশিকার, আশীর্বাদ করলেন বাগেশ্বর বাবা

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। শনিবার উত্তরাখণ্ডের মুসৌরিতে দীর্ঘদিনের বান্ধবী বংশিকা চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই ‘চায়নাম্যান’ বোলার। গত বছর লখনউয়ে বাগদান সারলেও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বিয়ে পিছিয়ে গিয়েছিল। অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে এক বিলাসবহুল রিসর্টে সম্পন্ন হলো তাঁদের এই বর্ণাঢ্য পরিণয় অনুষ্ঠান।

এই রাজকীয় বিয়ের আসরে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি নবদম্পতিকে আশীর্বাদ করে ভগবান বালাজির পবিত্র উত্তরীয় ও ছবি উপহার দেন। এছাড়াও সতীর্থ যুজবেন্দ্র চাহাল, সুরেশ রায়না ও রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেট তারকারা অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। অতিথিদের আপ্যায়নে ছিল পাহাড়ী ও ভারতীয় খাবারের এলাহি আয়োজন এবং থাকার জন্য বুক করা হয়েছিল মুসৌরির নামী হোটেল।

বিয়ের রাজকীয় কার্ড থেকে শুরু করে সাজসজ্জা—সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। মুসৌরির অনুষ্ঠান শেষে আগামী ১৭ মার্চ লখনউয়ে আয়োজিত হবে গ্র্যান্ড রিসেপশন। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ ক্রীড়া, বিনোদন ও রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কুলদীপ-বংশিকার বিয়ের মুহূর্তগুলো ব্যাপক ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *