নির্বাচনের মুখে মাস্টারস্ট্রোক: ইমাম ও পুরোহিতদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সমস্ত ধর্মীয় সেবকদের মাসিক সাম্মানিক ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে।
দীর্ঘদিন ধরেই রাজ্যে পুরোহিত ও মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। নতুন এই ঘোষণার ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন, যা আগে ছিল ১৫০০ টাকা। পাশাপাশি, নতুন করে যে সমস্ত পুরোহিত ও মোয়াজ্জেম ভাতার জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদের সেই আবেদনপত্রগুলিও রাজ্য সরকার অনুমোদন করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট করেছেন যে, প্রতিটি সম্প্রদায়ের ঐতিহ্যকে শক্তিশালী করা এবং তাঁদের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য। সামাজিক ও আধ্যাত্মিক সেবায় নিয়োজিত এই ব্যক্তিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা। নির্বাচনী আবহে এই ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।