নির্বাচন ঘোষণার মুখে বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর; মার্চ মাস থেকেই পেমেন্ট শুরু

নির্বাচন ঘোষণার মুখে বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর; মার্চ মাস থেকেই পেমেন্ট শুরু

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোপা-২০০৯ অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) চলতি মার্চ মাস থেকেই দেওয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক এবং পুরসভা-পঞ্চায়েতের কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন। রাজ্য অর্থ দপ্তর ইতিধ্যেই এই অর্থপ্রদানের নির্দিষ্ট পদ্ধতি ও সময়সূচি সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য সরকার বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আদালত একটি কমিটি গঠন করে বকেয়া মেটানোর রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও রাজ্যজুড়ে কর্মচারী সংগঠনগুলোর আন্দোলনের পর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কলকাতা হাইকোর্ট ডিএ-কে সরকারি কর্মচারীদের ‘ন্যায্য অধিকার’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই এই বিষয়ে চাপ বাড়ছিল নবান্নের ওপর।

এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে ‘নির্বাচনী কৌশল’ ও ‘প্রহসন’ বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে, বামপন্থী ও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দাবি করেছেন, গত ১৩ মার্চের কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের চাপেই সরকার এই নতিস্বীকার করতে বাধ্য হয়েছে। আপাতত আদালতের নির্দেশ ও নির্বাচনী আবহে এই বকেয়া প্রাপ্তি সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *