পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা ভোট, ৪ মে ফলাফল ঘোষণা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় ১৫২টি আসনে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে সবকটি কেন্দ্রের ভোটগণনা ও ফলাফল একযোগে ঘোষণা করা হবে।
অন্যদিকে আসাম, কেরল ও পুদুচেরিতে আগামী ৯ এপ্রিল এক দফায় নির্বাচন সম্পন্ন হবে। তামিলনাড়ুতে ভোটগ্রহণ করা হবে ২৩ এপ্রিল। নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এছাড়া গুজরাত, মহারাষ্ট্রসহ ছয়টি রাজ্যের মোট আটটি শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন, যার ফলাফলও ৪ মে প্রকাশিত হবে।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ‘ডিপ ফেক’ ভিডিও এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। নোডাল অফিসাররা সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে ভুয়ো তথ্য শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ ও এফআইআর দায়ের করবেন। আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধ করে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই কমিশনের মূল লক্ষ্য।