নেতানিয়াহুর মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিল ইজরায়েল, ভাইরাল ভিডিও ঘিরে দানা বাঁধল রহস্য

নেতানিয়াহুর মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিল ইজরায়েল, ভাইরাল ভিডিও ঘিরে দানা বাঁধল রহস্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু সংবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা ছড়িয়েছে। এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে ইজরায়েল সরকার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তাঁর মৃত্যু সংক্রান্ত খবরগুলো উদ্দেশ্যপ্রণোদিত।

জল্পনার সূত্রপাত হয় প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে ইরান ও আমেরিকার সঙ্গে সংঘাত নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। ভিডিওটি খুঁটিয়ে দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ছ’টি আঙুল দেখা যাচ্ছে। অনেকে একে ‘এআই গ্লিচ’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বলে অভিহিত করে দাবি করেন যে, আসল প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পর্দার নড়াচড়া এবং স্থির পতাকার দৃশ্য দেখেও অনেকে ভিডিওটিকে নকল বলে সন্দেহ প্রকাশ করেন। মার্কিন ভাষ্যকার ক্যানডেস ওয়েনসও এই নিয়ে প্রশ্ন তোলেন। তবে বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ব্যাকগ্রাউন্ড ব্যবহারের কারণে এমন দৃশ্যগত অসঙ্গতি দেখা দিতে পারে। শেষ পর্যন্ত ইজরায়েল সরকার সব জল্পনায় জল ঢেলে প্রধানমন্ত্রীর সুস্থতার খবর নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *