পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের পুরোহিত ও মোয়াজ্জেমদের দীর্ঘদিনের দাবি মেনে তাঁদের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, রাজ্যের এই দুই ধর্মীয় পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ফলে এখন থেকে উপভোক্তারা প্রতি মাসে ১,৫০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেছেন যে, পুরোহিত ও মোয়াজ্জেমরা সমাজের আধ্যাত্মিক ও সামাজিক কাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া নতুন করে জমা পড়া আবেদনগুলোও অনুমোদিত হয়েছে, যার ফলে ভাতা প্রাপকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ২৯ হাজারেরও বেশি পুরোহিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। যদিও নির্বাচনের প্রাক্কালে সরকারের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।