দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ভ্রুকুটি, সাত জেলায় ভারী বৃষ্টির সাথে ঝড়ের সতর্কতা

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ভ্রুকুটি, সাত জেলায় ভারী বৃষ্টির সাথে ঝড়ের সতর্কতা

রাজ্যে বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ পাহাড়ি জেলাগুলিতেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রপাতের সতর্কতা রয়েছে।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকলেও সোমবার থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত শহরে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে মহানগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকলেও, এই অকাল বর্ষণে গরম থেকে সাময়িক মুক্তি মিলবে বলে মনে করছেন আবহাওয়াবিদগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *