রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের মার্চ মাস থেকে ROPA ২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদানের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন। আজ বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের ঠিক আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। পঞ্চায়েত, পুরসভা এবং অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে এই বকেয়া মেটানো হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত মেটানোর চাপ ছিল রাজ্যের ওপর। সেই আইনি জটিলতা ও আন্দোলনের আবহে ভোটের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে সরকারের এই ঘোষণাকে ‘নির্বাচনী নাটক’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কোষাগার শূন্য রেখে কেবল ভোটের মুখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিরা একে আন্দোলনের জয় হিসেবে দেখলেও, বকেয়া টাকা হাতে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *