তেলেঙ্গানার ফার্মহাউস পার্টিতে পুলিশি অভিযান, টিডিপি সাংসদসহ ছ’জনের শরীরে মাদকের প্রমাণ

হায়দরাবাদের মইনাবাদে এক প্রাক্তন বিধায়কের ফার্মহাউসে মাদকবিরোধী অভিযানে ধরা পড়লেন একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ বাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। ঘটনাস্থলে ড্রাগ পার্টি চলাকালীন পুলিশ দেখে এক ব্যক্তি আতঙ্কিত হয়ে শূন্যে তিন রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ। পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্রসহ প্রায় ২ গ্রাম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে।
তদন্তে জানা গেছে, ওই ফার্মহাউসটি প্রাক্তন বিধায়ক পাইলট রোহিত রেড্ডির মালিকানাধীন। অভিযানে উপস্থিত মোট ১১ জনকে আটক করে মাদক পরীক্ষা করা হলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রাথমিক পরীক্ষায় পাঁচজনের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লেও অন্ধ্রপ্রদেশের এলুরু লোকসভা কেন্দ্রের টিডিপি সাংসদ পুত্তা মহেশ কুমারের ইউরিন টেস্ট প্রথমে নেগেটিভ আসে। তবে পরবর্তীতে হাসপাতালে রক্ত পরীক্ষায় সাংসদসহ মোট ছ’জনের রিপোর্ট পজিটিভ আসে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতা, রিয়েল এস্টেট ব্যবসায়ী ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা। পুলিশি সূত্র অনুযায়ী, উদ্ধার হওয়া মাদক পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঠিক কোথা থেকে মাদক সংগ্রহ করেছিলেন এবং ঘটনাস্থলেই তা সেবন করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।