দুই দশক পর ফিরছে একাল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার দুই দফায়

দুই দশক পর ফিরছে একাল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার দুই দফায়

পশ্চিমবঙ্গে দীর্ঘ কয়েক দশকের ধারা ভেঙে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাত্র দুই দফায়। এর আগে সর্বশেষ ১৯৭৭ সালে জরুরি অবস্থা পরবর্তী সময়ে ১১ ও ১৪ জুন দুই দফায় ভোটগ্রহণ করা হয়েছিল। ২০০১ সাল পর্যন্ত রাজ্যে এক দফায় ভোট হলেও, ২০০৬ সাল থেকে পর্যায়ক্রমে ৫, ৬, ৭ এবং সর্বশেষ ২০২১ সালে ৮ দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের এই আকস্মিক সিদ্ধান্তে কয়েক দশকের নির্বাচনী ইতিহাসে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বামফ্রন্ট জমানায় বিরোধী দলগুলো মূলত সুষ্ঠু ভোটের দাবিতে একাধিক দফার আবেদন জানাত। তবে এবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দফার সংখ্যা কমিয়ে আনার দাবি জানানো হয়েছিল। কমিশন সেই প্রেক্ষাপট বিবেচনা করেই ২০০৫ সাল থেকে বাড়তে থাকা দফার প্রবণতা কমিয়ে দুই দফায় নিয়ে এসেছে।

১৯৭৭ সালের সেই ঐতিহাসিক নির্বাচনে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। দীর্ঘ সময় পর ফের সেই একই মডেলে ভোট হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে এবং আগামী ৪ মে ফলাফল ঘোষিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *