নবীনে ভরসা রেখে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে সিপিএম

নবীনে ভরসা রেখে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে সিপিএম

আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত আলিমুদ্দিন। জোট জটের আবহেই আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে সিপিএম। সূত্রের খবর, এবারের তালিকায় তরুণ প্রজন্মের প্রতিনিধিদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ আসনে লড়বেন নবীন প্রার্থীরা। তবে প্রবীণদের মধ্যে সুজন চক্রবর্তী বা বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো অভিজ্ঞ মুখদেরও নির্বাচনী ময়দানে নামানোর পরিকল্পনা রয়েছে দলের।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় চমক থাকতে পারে উত্তরপাড়া কেন্দ্রে, যেখান থেকে লড়তে পারেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অন্যদিকে, যাদবপুর আসনে বিকাশরঞ্জন ভট্টাচার্য বা সুজন চক্রবর্তীর নাম শোনা গেলেও দমদম উত্তর থেকে শতরূপ ঘোষ এবার লড়তে আগ্রহী নন বলে জানা গেছে। তালিকায় সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরের মতো পরিচিত যুব মুখদের নাম প্রায় নিশ্চিত। তবে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজে কোনো আসনে না লড়ে রাজ্যজুড়ে প্রচারের দায়িত্ব সামলাবেন।

আইএসএফ-এর সঙ্গে জোটের বিষয়টি মাথায় রেখে আপাতত ২০০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বামেরা। কংগ্রেসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মেলায় তারা একাই লড়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে বামফ্রন্টের বৈঠকে এই তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন আলিমুদ্দিনের দিকে, কারণ এই নির্বাচনে অভিজ্ঞ ও নবীনের সংমিশ্রণে নতুন এক সমীকরণ তুলে ধরতে চাইছে সিপিএম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *