মালদায় ঘাতক লরির ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু ঈদের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত

মালদায় ঘাতক লরির ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু ঈদের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত

মালদার কালিয়াচক থানার ১২ নম্বর জাতীয় সড়কের ডাঙ্গা এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আলামিন হক (৩০) এবং রফিকুল খান (৩৮) নামে দুই বন্ধু। বুধবার দুপুরে নিজেদের পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে একটি দ্রুতগামী ১৬ চাকার কন্টেনার লরি তাঁদের বাইক ও টোটোকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাত্ত অবস্থায় মৃত্যু হয় ওই দুই যুবকের, এবং তাঁদের সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়ে বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে আটক করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এই এলাকায় পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বেপরোয়া যান চলাচলের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক যানটিকে বাজেয়াপ্ত করে। তবে লরির চালক এখনো পলাতক বলে জানা গেছে।

নিহতদের পরিবারে এখন শোকের মাতম চলছে। স্বজনদের আক্ষেপ, উৎসবের নতুন পোশাক কিনতে হাসিমুখে বাড়ি থেকে বেরিয়েই অকালে প্রাণ হারাতে হলো তাঁদের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। প্রশাসনের পক্ষ থেকে ডাঙ্গা এলাকায় স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন করার দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে ঘাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *