সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে লক্ষাধিক পরিবার

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা) প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভোট ঘোষণার প্রাক্কালে সামাজিক মাধ্যমে তিনি জানান, চলতি মার্চ মাস থেকেই সংশ্লিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া অর্থ জমা হতে শুরু করবে। দীর্ঘ আইনি টানাপোড়েন ও আদালতের কড়া অবস্থানের পর সরকারের এই ঘোষণায় খুশির হাওয়া সরকারি মহলে।
মুখ্যমন্ত্রীর পোস্ট অনুযায়ী, কেবল সরকারি কর্মচারী ও পেনশনভোগীরাই নন, বরং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরাও এই সুবিধার আওতায় আসছেন। ২০০৯ সালের রোপা (ROPA) নিয়ম অনুযায়ী বকেয়া ডিএ-র প্রথম কিস্তি এই মাসেই মিটিয়ে দেওয়া হবে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে দ্রুত অর্থ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে নবান্ন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ডিএ-কে কর্মীদের আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে ৩১ মার্চের মধ্যে প্রথম কিস্তি মেটানোর সময়সীমা বেঁধে দিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারের এই পদক্ষেপে লক্ষাধিক পরিবার আর্থিক স্বস্তি পেল। বকেয়া ২৫ শতাংশ ডিএ-র অবশিষ্টাংশ প্রদানের বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
I am happy to announce that our Ma-Mati-Manush government has delivered on its promise to all its employees and pensioners, and to lakhs of teachers and non-teaching staff of our educational institutions, as well as employees/ pensioners of our other grant-in-aid instititions…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026