মতুয়া গড়ে কোমর বেঁধে প্রচারে তৃণমূল, ডঙ্কা বাজিয়ে জনসংযোগ বাগদা ও বনগাঁয়

মতুয়া গড়ে কোমর বেঁধে প্রচারে তৃণমূল, ডঙ্কা বাজিয়ে জনসংযোগ বাগদা ও বনগাঁয়

রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণার পরই ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার বাগদার হেলেঞ্চা হরি মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মন্দিরে আশীর্বাদ নেওয়ার পর তিনি স্থানীয় হেলেঞ্চা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ জনসংযোগ করেন। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে আশীর্বাদ নেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রার্থী।

অন্যদিকে, বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকেও এদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জোরকদমে প্রচার করতে দেখা যায়। মতুয়া ভোটারদের মন জয় করতে তিনি ২২ নম্বর ওয়ার্ডে অনুগামীদের সঙ্গে ডঙ্কা বাজিয়ে মিছিলে শামিল হন। ২০১৯ সাল থেকে এই অঞ্চলে বিজেপি শক্তিশালী হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মতুয়া ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল শিবির। বিশেষ করে এসআইআর ইস্যুকে হাতিয়ার করেই তারা ভোটারদের কাছে পৌঁছাচ্ছে।

তৃণমূল ও বিজেপি যখন মতুয়া ভোট নিয়ে তৎপর, তখন বামফ্রন্ট প্রার্থীরা ভিন্ন পথে হাঁটছেন। বাগদার ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস জানিয়েছেন, তাঁরা ভোটারদের আলাদা করে দেখতে নারাজ। বামেদের মতে, বিজেপি ও তৃণমূল রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করছে, কিন্তু তাঁরা জাতি-ধর্ম নির্বিশেষে সকলের কাছেই ভোট প্রার্থনা করবেন। বনগাঁ ও বাগদায় বামেদের প্রচার এখনও সেভাবে গতি না পেলেও আগামী দিনে লড়াই সমানে-সমান হবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *