গোবরডাঙার মাঠে মিলল ১৮টি চোরাই মোবাইল, রিংটোন বাজতেই ফাঁস রহস্য

গোবরডাঙার মাঠে মিলল ১৮টি চোরাই মোবাইল, রিংটোন বাজতেই ফাঁস রহস্য

বুধবার সকালে গোবরডাঙা স্টেশন সংলগ্ন পশ্চিমপাড়ের একটি ফাঁকা মাঠে পরিত্যক্ত অবস্থায় ১৮টি মোবাইল ফোন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কাজে যাওয়ার সময় এক মহিলা প্লাস্টিকে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে আচমকা ফোনের রিংটোন শুনতে পান। কৌতূহলবশত এগিয়ে গিয়ে তিনি দেখেন, সেখানে প্রচুর মোবাইল ফোন রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা তল্লাশি চালিয়ে দুটি পৃথক প্যাকেট থেকে মোট ১৮টি ফোন উদ্ধার করেন, যার মধ্যে একটি আইফোনও ছিল।

উদ্ধার হওয়া ফোনগুলি ইতিমধ্যেই গোবরডাঙা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ ফোন ঠাকুরনগরের বারুণী মেলা থেকে চুরি করা হয়েছে। সম্প্রতি ওই মেলায় মোবাইল চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল। পুলিশ বর্তমানে ফোনগুলির কল রেকর্ড এবং আইএমইআই (IMEI) নম্বর পরীক্ষা করে প্রকৃত মালিকদের খোঁজে তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মেলার কারণে মাঠটিতে কিছু বহিরাগত অস্থায়ীভাবে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে এলাকাবাসীদের আপত্তিতে তাঁরা তড়িঘড়ি স্থান ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, পালানোর সময় তাড়াহুড়ো করে তাঁরা এই চুরির মাল ফেলে গিয়েছেন। এই ঘটনার নেপথ্যে কোনো বড়সড় আন্তঃরাজ্য মোবাইল চোর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *