ভোটার কার্ড ছাড়াই দেওয়া যাবে ভোট, নির্বাচন কমিশনের বড় ঘোষণা

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশিত হবে ৪ মে। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট হবে। এছাড়া আসাম, কেরালা ও পুদুচেরিতে ৯ এপ্রিল এক দফায় নির্বাচন সম্পন্ন হবে।
কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড বা EPIC না থাকলেও নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ১০০ দিনের কাজের জব কার্ডসহ ১২টি বিকল্প পরিচয়পত্রের যেকোনো একটি নথিভুক্ত থাকতে হবে। ব্যাংক বা ডাকঘরের সচিত্র পাসবুক এবং সরকারি কর্মীদের পরিচয়পত্রও এক্ষেত্রে বৈধ হিসেবে গণ্য করা হবে।
ভোটারদের সহায়তার জন্য কিউআর কোড সম্বলিত ‘ভোটার ইনফরমেশন স্লিপ’ (VIS) বিতরণ করা হবে। তবে কমিশন সতর্ক করেছে যে, এই স্লিপটি কেবল ভোটকেন্দ্র শনাক্তকরণের জন্য ব্যবহৃত হবে, এটি কোনোভাবেই পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। ভোটদানের জন্য ভোটার তালিকায় নাম থাকা এবং নির্ধারিত ১২টি পরিচয়পত্রের যেকোনো একটি সঙ্গে রাখা বাধ্যতামূলক।