২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স: মহিলাদের ইভেন্টে রূপান্তরকামীদের অংশগ্রহণে ট্রাম্পের নিষেধাজ্ঞা

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স শুরু হওয়ার আড়াই বছর আগেই এক বিতর্কিত নির্দেশিকা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই নিয়ম অনুযায়ী, অলিম্পিক্সে মহিলাদের ইভেন্টে কোনো পুরুষ বা লিঙ্গ পরিবর্তনকারী রূপান্তরকামী খেলোয়াড় অংশ নিতে পারবেন না। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রশাসন খেলাধুলোর ক্ষেত্রে কেবল দুটি লিঙ্গকেই—পুরুষ এবং মহিলা—স্বীকৃতি দেয়। অলিম্পিক্সে মহিলাদের প্রতিযোগিতার পবিত্রতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে ক্রীড়া মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে মহিলা ক্রীড়াবিদদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, এতে প্রতিযোগিতায় সমতা বজায় থাকবে। অন্যদিকে, রূপান্তরকামী খেলোয়াড় ও মানবাধিকার সংগঠনগুলো একে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে। উল্লেখ্য, বিগত প্যারিস অলিম্পিক্সে ইমান খেলিফের সোনা জয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই বিশ্ব সাঁতার এবং বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা বয়ঃসন্ধির পর লিঙ্গ পরিবর্তনকারীদের মহিলাদের ইভেন্টে নিষিদ্ধ করেছে। ইংল্যান্ডের ফুটবল ও ক্রিকেট সংস্থাও একই পথে হেঁটেছে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রিও ইঙ্গিত দিয়েছেন যে, রূপান্তরকামীদের অংশগ্রহণের বিষয়ে শীঘ্রই নতুন বিশ্বজনীন নীতিমালা আনা হতে পারে। ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে লিঙ্গভিত্তিক অংশগ্রহণের নিয়মাবলি নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিল।