মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়তেই তৎপর জয়শঙ্কর সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার আবহে সক্রিয় হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত শনিবার রাতে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই আলোচনায় মূলত পশ্চিম এশিয়ায় দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধের ফলে তেল ও গ্যাসের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এমন নাজুক পরিস্থিতিতে ভারতের স্বার্থ সুরক্ষিত রাখতে এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে জয়শঙ্করের এই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।