হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক জোট গঠনের ডাক ট্রাম্পের
.jpg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
আরব দুনিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার পর থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আন্তর্জাতিক নৌ-জোট গঠনের উদ্যোগ নিয়েছেন। এই লক্ষে তিনি আগামী সপ্তাহে বড় ধরনের ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের মতো দেশগুলোকে হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে আমেরিকার এই আহ্বানে মিত্র দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রিটেন ও ফ্রান্স আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজলেও জার্মানি সরাসরি এই অভিযানে জড়াতে অস্বীকার করেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ও জাপান বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রেখেছে। ট্রাম্পের কড়া বার্তা, ইরান জাহাজ চলাচলে বাধা দিলে তাদের তেল অবকাঠামো পরবর্তী লক্ষ্যবস্তু হবে।
বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ ব্যাহত হচ্ছে। ইতিপূর্বেই ইরানের প্রধান তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। মার্কিন শক্তিসচিব ক্রিস রাইট জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চিনের সঙ্গেও গঠনমূলক আলোচনা চলছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই জলপথ উন্মুক্ত রাখাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য, যদিও মিত্রদের দ্বিধা এই জোট গঠনের প্রক্রিয়াকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।