সপ্তাহের শুরুতেই দুর্যোগের ঘনঘটা, কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা

সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে, যা কোথাও কোথাও ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বীরভূমে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝপথ পর্যন্ত আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।