দক্ষিণবঙ্গে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা, ভিজবে কলকাতা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গেছে যা আজ আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমের দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।