নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল, সরলেন বিনীত ও সুপ্রতিম

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। সোমবার সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে সেই পদে অজয় নন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের পরিবর্তে আনা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এডিজি বিনীত গোয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন অজয় মুকুন্দ রানাডে এবং নতুন ডিজি (কারা) হয়েছেন নটরাজন রমেশ বাবু।
কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আজ দুপুর ৩টের মধ্যে কাজে যোগ দিতে হবে। অপসারিত পুলিশকর্তারা এই নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল এবং হিংসামুক্ত ভোট করানোর ওপর বিশেষ জোর দিয়েছিল। এই রদবদলকে সেই কড়া বার্তারই প্রতিফলন হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল।
প্রশাসনিক এই নজিরবিহীন রদবদল নিয়ে ইতিমিধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের শাসক শিবির এই ঘটনাকে কমিশনের ‘অতিসক্রিয়তা’ বলে কটাক্ষ করেছে এবং এর নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেছে। বিশেষ করে ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে পুলিশ কমিশনার ও ডিজি বদলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া।