শান্তিপুরে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক বিবাদের জেরে চরম পরিণতি

নদীয়ার শান্তিপুরে এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে শান্তিপুর নতুনপাড়ার বাসিন্দা সুজয় হালদার নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি বাগান থেকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজয় বিবাহিত হওয়া সত্ত্বেও সম্প্রতি অন্য এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাঁকে বিয়ে করেন। এই ঘটনা জানাজানি হতেই প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক অশান্তি চরমে ওঠে। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ঘরে-বাইরে প্রবল মানসিক চাপে ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।