কর্নাটকে ১৬ চাকার ট্রাকের ধাক্কায় ৩ পুলিশকর্মীর মর্মান্তিক মৃত্যু

কর্নাটকে ১৬ চাকার ট্রাকের ধাক্কায় ৩ পুলিশকর্মীর মর্মান্তিক মৃত্যু

কর্নাটকের চিত্রদুর্গ জেলায় বেঙ্গালুরু-বল্লারি হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন পুলিশকর্মী। রবিবার একটি ১৬ চাকার ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘাতক ট্রাকটি দুমড়ে যাওয়া গাড়িটিকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাব-ইনস্পেক্টর মঞ্জুনাথ দারিমানি (৩২), অমরীশ (২৫) ও শচীনের (৩১)। মৃতদের মধ্যে মঞ্জুনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার এসকর্ট টিমের সদস্য ছিলেন।

দুর্ঘটনায় আরও দুই পুলিশ আধিকারিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ঈশ্বর এল এবং মহাদেশ্বর বোম্মান্নাবর। জানা গিয়েছে, গত বছরই প্রশিক্ষণ শেষ করে তাঁরা পুলিশে যোগ দিয়েছিলেন। ঘটনার সময় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই পাঁচজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শোকাতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রশাসন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকটি কীভাবে সজোরে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ের নিরাপত্তা ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তরুণ এই পুলিশ আধিকারিকদের অকাল মৃত্যুতে রাজ্য পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *