দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাতিল সমস্ত উড়ান

সোমবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ট্যাঙ্কারটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরের সমস্ত উড়ান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করেছে। এয়ার ইন্ডিয়াও দুবাইগামী তাদের সমস্ত ফ্লাইট বাতিল করেছে।
দুবাইয়ের অফিশিয়াল মিডিয়া হ্যান্ডল জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। নিরাপত্তার খাতিরে বেশ কিছু উড়ানকে ‘আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে’ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দুবাই পুলিশ বিমানবন্দর সংলগ্ন রাস্তা ও টানেলগুলো বন্ধ করে দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত এলাকায় এই হামলায় সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণের সুরক্ষায় সমস্ত ধরণের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ড্রোন হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।