মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভুয়ো ভিডিও ছড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ ভারতীয়সহ গ্রেফতার ৩৫

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভুয়ো ভিডিও ছড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ ভারতীয়সহ গ্রেফতার ৩৫

ইরান-আমেরিকা সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের ভুয়ো ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। আমিরশাহির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা এসব কন্টেন্ট জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছিল।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা তিনটি আলাদা দলে বিভক্ত হয়ে অপপ্রচারে লিপ্ত ছিল। প্রথম দলটি আকাশসীমায় ক্ষেপণাস্ত্র চলাচলের ভিডিও এডিট করে ইউএই-তে সরাসরি হামলার গুজব ছড়ায়। দ্বিতীয় দলটি অন্য দেশের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের দৃশ্যকে স্থানীয় ঘটনা বলে প্রচার করে এবং তৃতীয় দলটি একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সামরিক নেতৃত্বের সমর্থনে প্রচার চালায়। এই তালিকায় ১৯ জন ভারতীয় ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ফিলিপিন্সের নাগরিকরা রয়েছেন।

আমিরশাহির আইন অনুযায়ী এই ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ন্যূনতম এক লক্ষ দিরহাম জরিমানা হতে পারে। বর্তমানে পাবলিক প্রসিকিউশন ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ডিজিটাল মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *