বঙ্গভোটের আগে নীতিবদল, তৃণমূল ও বিজেপিকে রুখতে ১০ আসনে লড়বে লিবারেশন

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রণকৌশলে বড়সড় বদল আনল সিপিআই(এমএল) লিবারেশন। সোমবার দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁরা ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিপূর্বে বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করলেও, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একই সারিতে বসিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই বামপন্থী দলটি।
লিবারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বামপন্থার পুনর্জাগরণ ঘটানোই তাদের মূল লক্ষ্য। এই সিদ্ধান্ত কার্যকর করতে বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিএম শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বৃহত্তর বাম ঐক্য গঠনের উদ্দেশ্যেই নির্দিষ্ট আসনগুলোতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে দল, তবে প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
রাজনৈতিক মহলের মতে, লিবারেশনের এই অবস্থান বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আগে তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব দেখালেও, এখন বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে উভয় শক্তিকেই সমদূরত্বে রাখার কৌশল নিয়েছেন। বিহারে সাফল্যের পর এবার বাংলাতেও নিজস্ব শক্তি পরীক্ষা এবং তৃতীয় বিকল্প গড়ে তুলতে মরিয়া লিবারেশন নেতৃত্ব।